সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে শপথ বাক্য পাঠ করালেন মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে ড. মাহমুদুর রহমান উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্যে তিনি বলেন, “আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে, জুলাইয়ের গণআকাঙ্ক্ষার পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব। জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো দমনমূলক, ফ্যাসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের বিপরীতে যেকোনো দমনমূলক, ফ্যাসিবাদী ও পরাধীনতামূলক কর্মকাণ্ড আমরা প্রতিরোধ করব। ভারতীয় আধিপত্যমূলক রাজনীতি, জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থবিরোধী শক্তি, গুম-খুন ও গণহত্যাকারী দল, ভারতের সমর্থিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী এবং তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী কালচারাল ফ্যাসিস্ট কাউকে বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না এবং রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না।”
ড. মাহমুদুর রহমান শপথ বাক্যের মাধ্যমে জনগণকে আইনের শাসন, জনগণের ক্ষমতা এবং একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রক্ষায় আপসহীন থাকার সংকল্প নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এই মর্মে আমরা আজ শপথ গ্রহণ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ আপনাদের হেফাজত করুন।”
জনতার আওয়াজ/আ আ