সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চীনের আগ্রহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: খবরের কাগজ
বাংলাদেশ সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করতে চায় চীন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে এক বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ আগ্রহের কথা জানান।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে জয়লাভ করায় তিনি মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে চীন সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।
বাংলাদেশ ও চীনের প্রাচীন সভ্যতার পারস্পরিক সাদৃশ্যের কথা উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনে সরকার আগ্রহী। বিশেষ করে শিল্পী ও সংগীত দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নাটক, নৃত্যসহ সাংস্কৃতিক কলার বিভিন্ন শাখায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে মত প্রকাশ করেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বৈঠকে উভয় পক্ষই দুই দেশের ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক উৎসব ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। চীনের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে, বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং চীন দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ