সাইন্সল্যাবে বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাণিজ্যিক ভবনের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। রবিবার (৫ মার্চ) দুপুর ২টা ২৫ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি।
ডিএমপির এই কমিশনার বলেন, এখানে আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসেছেন। তারা কাজ করছেন। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। গ্যাস কিংবা অন্য কোনো কারণে বিস্ফোরণ হতে পারে। আমরা একটি তদন্ত কমিটি করে দেবো৷ তদন্তের মাধ্যমে মতামত দেওয়া যাবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ.মহিদ উদ্দিন বলেন, বিল্ডিংয়ের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, বিল্ডিংয়ের অবস্থা ভালো নয়। ভবনটির তিনতলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইন্সুরেন্স কোম্পানির অফিস ছিল। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারও প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি ও পরিদর্শন করেছি।
সাইন্সল্যাবের ভবনটিতে চারটি কারণে বিস্ফোরণ হতে পারে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। একটি হলো শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও এসি বিস্ফোরণও হতে পারে। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে সঠিক কারণ জানা যাবে।
এর আগে আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ