সাইফউদ্দিনকে সঙ্গী হিসেবে নেওয়া কে এই ফাতেমা তুজ জারা?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
সাকিব-তামিমরা যখন ইংল্যান্ডের বিপক্ষে হোম অব ক্রিকেটে ওয়ানডে সিরিজে ঘাম ঝড়াচ্ছেন তখন জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর ঘোষণা এলো তাদেরই সতীর্থ সাইফউদ্দিনের কাছ থেকে। জাতীয় দলের এই অলরাউন্ডার স্ত্রী হিসেবে বেছে নিয়েছেন কাজী ফাতেমা তুজ জারাকে।
বৃহস্পতিবার নিজ শহর ফেনীতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর ফেসবুকে পোস্ট দিয়ে নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন সাইফ।
জারা সাইফউদ্দিনের পরিবারের পছন্দ করা পাত্রী। কনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সাইফুদ্দিন ও জারার বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়।
দুই পরিবারের স্বজনেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে।
সদ্য বিপিএল শেষ করা ক্রিকেটার সাইফ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের প্রয়াত পুলিশ সদস্য মোহাম্মদ আব্দুল খালেকের ছেলে।
২০২১ সালের জুনে জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলছিলেন সাইফুদ্দিন। ইনজুরির কারণে দীর্ঘ সময় ছিলেন জাতীয় দলের বাইরে। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন সাইফ। পুরোপুরি ফিট না হওয়ার সে সময় বিশ্বকাপ দলে রাখা হয়নি তাকে।
ঘরের মাঠে চলমান ইংল্যান্ড সিরিজেও দলে নেই সাইফুদ্দিন। এ সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই অবসরে পরিবারের পছন্দে বিয়ের কাজটা সেরে নিলেন ডানহাতি এ পেসার।
জনতার আওয়াজ/আ আ