সাকিবের নিরাপত্তার বিষয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে টি-টোয়েন্টিতে নিজের অধ্যায়ের ইতি টেনে দেওয়ার কথা জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। একই দিনে জানিয়েছেন টেস্ট থেকে অবসর নেওয়ার পরিকল্পনার কথা। সেটা আগামী মাসে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকা সিরিজে। টেস্ট ক্যারিয়ারের শেষটা দেশের মাটিতেই করার ইচ্ছা টাইগার অলরাউন্ডারের। কিন্তু রাজনৈতিক ইস্যুতে হত্যা মামলার আসামি হওয়ায় সেটা নানান ধরনের যদি কিন্তুর বেড়াজালে আটকে আছে। যার জন্য নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাকিব। আজ (২৯ সেপ্টেম্বর) এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
সাকিবের নিরপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাকিব আল হাসানকে জনগণগত জায়গা থেকে নিরাপত্তা দেওয়া কঠিন। খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেওয়া হবে।’ এদিকে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে আসিফ বলেন, ‘হত্যা মামলায় জড়িত থাকার বিষয়টি মন্ত্রণালয় তদন্ত করে দেখছে।’
সাকিব ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘তিনি একজন রাজনীতিবিদও। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেন তিনি।’
এর আগে বিসিবির সভাপতি ফারুক সাকিবকে নিয়ে বলেন, সাকিবের নিরাপত্তা বিসিবির হাতে নেই। সরকারের উপর মহল থেকে সিদ্ধান্ত আসতে হবে। ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই। ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’
ফারুক আহমেদ অবশ্য ব্যক্তিগতভাবে চান ৩৭ বর্ষী ক্রিকেটার ক্যারিয়ারের শেষ টেস্টটা দেশের মাটিতেই খেলুক। তার ভাষ্য, ‘সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না। সাকিব এ মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। তাকে বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই।’
দেশে না ফিরেই দলের সঙ্গে পাকিস্তান ও ভারতের মাটিতে সিরিজ খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাবেক টাইগার অধিনায়ক দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ঘোষণা দিলেও বাস্তবতা যে কঠিন! সেটি না হলে ভারতের মাটিতেই হতে যাচ্ছে শেষ টেস্ট ম্যাচ।
জনতার আওয়াজ/আ আ