সাগরিকার ৪ গোলে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
অলিখিত ফাইনালই ছিল ম্যাচটি। সমীকরণ ছিল ড্র করলেই শিরোপা বাংলাদেশের, আর হোচট খেলেই শিরোপা যাবে প্রতিপক্ষ নেপালের হাতে। তবে সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ৪-০ গোলের দাপুটে জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
চার দলের এই প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে পূর্ণ ১৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। রানার্সআপ হয়েছে ১২ পয়েন্ট পাওয়া নেপাল।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে গোলবন্যা ছুটিয়ে দিলেন মোসাম্মত সাগরিকা। নেপালের বিপক্ষে আগের ম্যাচেই লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন এই ফরোয়ার্ড। আবারও সেই নেপালের বিপক্ষেই মাঠে নেমে একাই করলেন চার গোল। বাংলাদেশের এই জয়কে স্মরণীয় করে তুললেন হ্যাটট্রিকে।
খেলা শুরুর আগে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা।
৮ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন সাগরিকা। মিডফিল্ড থেকে আসা ডিফেন্স চেরা থ্রু বল নিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ১৫ মিনিটে গোলরক্ষক মিলি আক্তারের ভুলে গোল হজমের শঙ্কা তৈরি হলেও গোলরক্ষক সাইড বারের সহায়তায় রক্ষা পান। ১৯ মিনিটে মুনকি আক্তারের শট আনিশা রায় গোললাইন থেকে ফিরিয়ে দেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েরা আরও আগ্রাসী হয়ে ওঠে। ৫২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সাগরিকা। কয়েক মিনিট পর লং বল থেকে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৭৬ মিনিটে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে চতুর্থ গোল করেন সাগরিকা। এরপরই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ পিটার জেমস বাটলার। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
গত বছর ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল বাংলাদেশ। নাটকীয় সেই ফাইনালে ফল নির্ধারণ হয়েছিল টসের মাধ্যমে, যা নিয়ে ছিল নানা বিতর্ক। এবার টস নয়, মাঠের লড়াইয়ে সেরা দল হিসেবেই শিরোপা ধরে রাখল বাংলাদেশ।
উল্লেখ্য, এবারের আসরে ভারত অংশ নেয়নি। ফলে প্রতিযোগিতাটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হয়। শেষ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ছিল ১৫, নেপালের ১২। ম্যাচ ড্র হলেও চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ। তবে তারা ড্র নয়, বড় জয়ে তুলে নিলো শিরোপার উৎসব।
জনতার আওয়াজ/আ আ