সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে: শ্রম উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ১২, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ১২, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্ন ভাবে দেখা হলেও সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার।‘
তিনি আরো বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় দেবহাটা শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যেসকল শহীদ হয়েছে তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করা হবে।‘
শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
সভায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভির প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ছাত্র-জনতা।
এদিকে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শণ শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে স্বাক্ষাত করে সমবেদন না জানান। পরে তিনি শ্যামনগরের উদ্যোশে যাত্রা করেন।
জনতার আওয়াজ/আ আ