সাতক্ষীরা ৪-দুই ধর্মীয় ঘরানার রাজনৈতিক শক্তির টানটান লড়াইয়ের মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরা ৪-দুই ধর্মীয় ঘরানার রাজনৈতিক শক্তির টানটান লড়াইয়ের মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ১:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ১:২৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসন যেন আগামী জাতীয় নির্বাচনে পরিণত হতে যাচ্ছে দুই ধর্মীয় ঘরানার রাজনৈতিক শক্তির টানটান লড়াইয়ের মঞ্চ। সীমানা পুনর্বিন্যাসের ফলে এবার শুধু শ্যামনগর উপজেলা নিয়েই গঠিত হয়েছে আসনটি। এই পরিবর্তন চূড়ান্ত হওয়ার পর থেকেই ভোটের হাওয়া গরম হতে শুরু করেছে। যেখানে শ্যামনগর ভিত্তিক প্রার্থীরা স্বস্তিতে। সেখানে কালীগঞ্জের নেতারা পড়েছেন দ্বিধাদ্বন্দ্বে। এ আসনে বিএনপি’র অন্তত পাঁচজন হেভিওয়েট প্রার্থী মাঠে রয়েছেন। মনোনয়ন কিনতে চান কয়েকজন তরুণ নেতাও। বিপরীতে একক প্রার্থী নিয়ে স্বস্তিতে রয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলন। তবে, মাঠে নেই এনসিপি’র কোনো নেতাকর্মী।
বর্তমানে মাঠে নেই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। চোখে পড়ছে না জাতীয় পার্টিরও কোনো কার্যক্রম। এ সুযোগে আসনটি পুনরুদ্ধার করতে চায় জামায়াত।

অপরদিকে, সাতক্ষীরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর আসনটিতে একবারও জিততে পারেনি বিএনপি। দলটি চায় প্রথমবারের মতো জিতে আসনটি তারেক রহমানকে উপহার দিতে। কেন্দ্র কমিটি গঠন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, প্রচারণা ও গণসংযোগের মধ্যদিয়ে জামায়াত মনোনীত একক প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে দলটি। একইভাবে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশায় তৃণমূলে গণসংযোগের পাশাপাশি দলকে সুসংগঠিত করতে ব্যস্ত সময় পার করছেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ এবং উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা সদস্য আশেক এলাহী মুন্না, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১ নম্বর যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন। এ তালিকায় রয়েছেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও তৎকালীন সাতক্ষীরা-৪ (কালীগঞ্জ-দেবহাটা) আসনের সাবেক এমপি কাজী আলাউদ্দিন। তবে শেষে একজন পড়েছেন আসনের সীমানা পুনর্বিন্যাসজনিত জটিলতায়। আর বাকি প্রার্থীরা শ্যামনগরে অবস্থানগত কারণে সুবিধাজনক স্থানে রয়েছে। তবে দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করতে না পারলে এ আসনে জয় অসাধ্য হয়ে পড়বে দলটির জন্য।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, আমরা প্রতিপক্ষকে দুর্বল ভাবছি না। জনগণের দোরগোড়ায় যাচ্ছি, আমাদের প্রতিশ্রুতি জানাচ্ছি। গাজী নজরুল ইসলাম মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ইনশাআল্লাহ্‌ জয় আমাদেরই হবে। দোকানি রফিকুল ইসলাম বলেন, যে নেতা আমাদের জন্য কাজ করবে, আমাদের কথা চিন্তা করবে, আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে তাকেই ভোট দেবো। আসনটিতে বিএনপি এক দশকেরও বেশি সময় ধরে জয় পায়নি। এবার তারা মরিয়া হয়ে চেষ্টা করছে জয় ছিনিয়ে আনার। ড. মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমানের নির্দেশে মাঠে নেমেছি। তৃণমূলে গণসংযোগ ও সংগঠন গোছানোর কাজ করছি। কে মনোনয়ন পেলো, তা বড় বিষয় নয়। ধানের শীষের বিজয়ই মুখ্য। কোন্দল থাকলেও, সেটা নির্বাচনের আগেই কেটে যাবে। মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, আমি শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংগঠনিক নেতা হিসেবে শ্যামনগরের প্রতিটি মানুষকে চিনি। দল থেকে মনোনয়ন পেলে কোনো গ্রুপিং থাকবে না।

আমি দলকে ঐক্যবদ্ধ করবো। কাজী আলাউদ্দিনের অবস্থান দোটানায়। তবে দৌড়ে আছেন সাবেক এ সংসদ সদস্য। তিনি বলেন, আমি একসময় কালীগঞ্জ-দেবহাটার এমপি ছিলাম। এখন সীমানা বিভাজনের কারণে দেবহাটা সাতক্ষীরা-২ আর কালীগঞ্জ সাতক্ষীরা-৩-এ গেছে। তবু আমি শ্যামনগর-কালীগঞ্জেই প্রতিদিন কাজ করছি। দুই উপজেলার নেতাকর্মীরা বলছেন, ‘স্যার, আমাদের ছেড়ে যাবেন না।’ আমি দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশেক এলাহী মুন্না বলেন, আমরা আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। দল যাকেই মনোনয়ন দিক, আমরা একসঙ্গে কাজ করবো। সাবেক এমপি এইচএম গোলাম রেজা জানান, আগামী নির্বাচনে আমি অংশ নেবো। শ্যামনগর-কালীগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। এবারো তারা আমাকে মূল্যায়ন করবে বলে আশাবাদী। এদিকে, জাতীয় পার্টি ও এনসিপি নেই মাঠে। এ অবস্থায় ইসলামী আন্দোলনের প্রার্থী হাজী মনির (মোস্তফা আল মামুন) চুপিসারে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার। সাতক্ষীরা-৪ এখন আর শুধু একটি আসন নয়। এটি হয়ে উঠেছে বিরোধী রাজনীতির শক্তি যাচাইয়ের পরীক্ষাগার।
আমিনুর রহমান বলেন, দলের সিদ্ধান্তই চুড়ান্ত। দলের একজন কর্মী হিসেবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ