সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে নিতে ভয়ভীতি দেখাচ্ছে সরকার: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সাধারণ মানুষকে ভোটকেন্দ্র নিতে সরকার ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন। তিনি বলেছেন, ভোটকেন্দ্র না গেলে সামাজিক নিরাপত্তার আদলে গরিব ও দুস্থ মানুষদের বিভিন্ন ভাতাকার্ড বাতিলের হুমকি দিচ্ছে। কিন্তু ভয় দেখিয়ে জনগণকে ভোটকেন্দ্রে নেয়া যাবে না। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় কাওরানবাজার মোড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভা শেষে কাওরানবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন দলটির নেতারা।
রাশেদ খাঁন বলেন, আমরা প্রহসনের ডামি নির্বাচনের ভুয়া ভোট বর্জনে গণসংযোগ করছি। সাধারণ জনগণ বলছে, তারা ১৪ ও ১৮ সালে ভোট দিতে পারেনি। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারাই মধ্যরাতে ভোটচুরির স্বীকারোক্তি দিচ্ছে। ১৮ সালে নাকি উপর মহলের নির্দেশনায় তারা রাতেই ৬০% সিল মেরেছে।
বিএনপিকে আমি ধন্যবাদ দিতে চাই যে, তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ভারত তার দেশ থেকে বিভিন্ন কূটনীতিক ও রাজনীতিক পাঠিয়ে আওয়ামী লীগের পক্ষ বক্তব্য দেয়াচ্ছে। এভাবেই ভারত একপেশে অবস্থান নিয়েছে।
বাংলাদেশকে কর্তৃত্ববাদ রাষ্ট্র বানাতে ভারত ষড়যন্ত্রের ছক কষেছে। এই দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংসের দায় ভারত এড়াতে পারে না। বিভিন্ন জায়গায় ভিন্নমতের মানুষকে গ্রেফতার করে নাশকতার মামলা দেওয়া হচ্ছে। জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে প্রশাসনের একটি মহল বড্ড তৎপর। আমরা প্রশাসনকে বলবো, দেশের জনগণের পাশে এসে দাঁড়ান। কারও অবৈধ ক্ষমতার সিড়ি হবেন না। নির্বাচন কমিশনের কালো আইন জনগণ মানেনি। কোন আইন করে, দমনপীড়ন করে চলমান আন্দোলন বন্ধ করা যাবেনা। অবৈধ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আর যারা ভোরচুরির পক্ষে অবস্থান নিচ্ছে, তারা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সকল দেশপ্রেমিক নাগরিককে বলবো, রাজপথে নেমে আসুন। সরকারের পদত্যাগ ও সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন চলছে, সরকারের পদত্যাগ নিশ্চিত না করে আমরা ঘরে ফিরবো না।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ