সাবেক ছাত্রনেতা হিরুকে তুলে নেওয়ায় রিজভীর গভীর উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ৮, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ৮, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার সন্ধান না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৭ মে) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে রিজভী বলেন, মঙ্গলবার বিকাল ৫টায় আসর নামাজে যাওয়ার পথে সিদ্ধেশরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার সন্ধান দেয়নি। ঢাকা-মেট্রো-চ, ৫২-১৪৫০ নম্বর গাড়িতে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহিদুল হাসান হিরুকে তুলে নিয়ে যাবার পর এখনও তার কোন খোঁজ না পাওয়া গভীর উদ্বেগজনক। তাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত।
রিজভী বলেন, বর্তমান ডামি আওয়ামী শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগণ ও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে এখন আরও তীব্র মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহিদুল হাসান হিরু-কে আইন শৃঙ্খলা বাহিনীই গ্রেফতার করেছে। তাকে আটক ও সন্ধান না দেয়ার ঘটনায় তার পরিবার পরিজনসহ দলের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমি অবিলম্বে মাহিদুল হাসান হিরুকে জনসমক্ষে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি। নইলে তাকে নিয়ে অনাকাঙ্খিত কিছু ঘটলে আওয়ামী সরকারকেই এর দায় নিতে হবে।
জনতার আওয়াজ/আ আ