সাবেক মন্ত্রী কায়কোবাদের মামলা প্রত্যাহারে দাবি হেফাজতের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক মন্ত্রী কায়কোবাদের মামলা প্রত্যাহারে দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মুরাদনগরের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের দাদা ছিলেন হাকিমুল উম্মত আশ্রাফ আলী থানভী রহঃ এর সহপাঠী। তিনি এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কায়কোবাদ সাহেবও আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন।

রোববার (১০ নভেম্বর) মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার ইসলামি মহাসম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।

দোয়া ও মোনাজাতে হেফাজতে ইসলামের আমির সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর সুস্থতা কামনায় দোয়া করেন। মহান আল্লাহ কায়কোবাদ সাহেবকে আরও সম্মানিত করুন বলে দোয়া করেন তিনি।

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান মাহফিলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান- নির্বাহী আদেশে মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর মামলা প্রত্যাহার করে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনুন।

তিনি বলেন, আওয়ামী লীগের হাতিয়ার ছিল মিথ্যা বানোয়াট মামলা। আলেম ওলামাদের সাথে কায়কোবাদ দাদার সম্পর্ক দীর্ঘদিনের। তার আহ্বানে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফী রহঃ এ মাহফিলে এসেছিলেন। তিনি আলেমদের মোহাব্বত করেন। অবিলম্বে তার বিরুদ্ধে করা মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার করতে হবে।

কারানির্যাতিত হেফাজত নেতা আল্লামা মামুনুল হক কায়কোবাদকে ভাইজান সমন্ধ করে বলেন, এই জনপদের মজলুম জননেতা জনপ্রিয় সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ভাইজানের কথায় আজ এ মাহফিলে এসেছি। ওমরাহ থেকে আসার পর বিশ্রামের সুযোগ পায়নি। ভাইজানের কথা ফেলতে পারি না।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী তার বক্তব্যে বলেন- অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে মজলুম জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাকে স্বসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার ১৩৩তম মহা সম্মেলনে হাজার হাজার মুসুল্লিদের উপস্থিতিতে কোরআন হাদিসের আলোচনা পেশ করেন দেশ বরেণ্য আলেম ওলামাগণ।

আলোচনার ফাঁকে ফাঁকে মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর প্রশংসা ও তার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান আলেম ওলামারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ