সাবেক সংসদ সদস্য শওকত মোমেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন : কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবারের সংসদ সদস্য ও সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। আজ শুক্রবার সখীপুর আবাসিক মহিলা কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
কলেজের অধ্যক্ষ এস এম জাকির হোসাইনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস শিকদার প্রমুখ। পরে গণভোজের আয়োজন করা হয়। স্মরণসভার আগে মরহুমের কবরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম স্মরণসভায় বলেন, শওকত মোমেন শাহজাহান আপাদমস্তক একজন রাজনীতিক ছিলেন। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান ছিল।
অন্যান্য বক্তারা বলেন, শওকত মোমেন শাহজাহান ছিলেন একজন মানুষের মানুষ, একজন শিক্ষানুরাগী ও তিলোত্তমা সখীপুর গড়ার কারিগর। তিনি সারা জীবন গণমানুষের জন্য রাজনীতি করেছেন।
উল্লেখ্য, শওকত মোমেন শাহজাহান ১৯৮৬, ১৯৯৯ (উপনির্বাচন), ২০০৮ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ২০ জানুয়ারি ভোরে সখীপুরের নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নবম সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ছিলেন। মৃত্যুর পর উপনির্বাচনে তার ছেলে অনুপম শাহজাহান জয় সংসদ সদস্য নির্বাচিত হন।
জনতার আওয়াজ/আ আ