সামাজিক মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করতেন সুমাইয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

সামাজিক মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিশ উদ্দিন মুন (২২) ও খন্দকার শাওন (২৮) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) রাতে মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযা চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি জানান, তারা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। এই চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নি। তারা বিভিন্ন সময় ফেইক আইডি খুলে ছেলেদের সাথে প্রেমের অভিনয় করেন। এরপর ছেলেকে দেখা করার কথা বলে মিরপুরে নিয়ে আসেন। মিরপুরে বাসায় আগে থেকেই বাকি তিনজন থাকেন। এরপর বাসায় ঢুকিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে রাখে। তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করতো তারা।
ওসি মোহাম্মদ মহসিন জানান, সম্প্রতি এই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করেছেন তারা। পরে ভুক্তভোগী পুলিশে অভিযোগ করেন। সেই অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এই ঘটনায় মোসা. তন্নি আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন।
জনতার আওয়াজ/আ আ