সারাদেশে চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসে ছেয়ে যাচ্ছে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সারাদেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস ছেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জনরায় ও গণভোটকে অস্বীকার করা হয়েছে।
এই প্রেক্ষাপটে একটি বিকল্প শক্তি গড়ে তুলে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের লড়াই সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, বৈষম্যবিরোধী বর্তমান কমিটির নেতারা এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ব্যারিস্টার সানি ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা একই আকাঙ্ক্ষার জায়গা থেকে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করছি। যারা জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, আমরা তাদের বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা একটি বৃহত্তর অ্যালায়েন্স বা কোয়ালিশন চাই, কারণ দেশটাকে আবার আগের কোনো বন্দোবস্তের দিকে ঠেলে দিতে পারি না।’
বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি প্রতিস্থাপিত হয়েছে। তিনি বলেন, “সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করে দিচ্ছে।” নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, তারা কেবল দল বা ব্যক্তির পরিবর্তন নয়, বরং সামগ্রিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন চান যেখানে বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে মাথা উঁচু করে দাঁড়াবে।
এনসিপিতে যোগদানের ক্ষেত্রে সাবেক রাজনৈতিক পরিচয়কে মুখ্য বিবেচনা করা হবে না বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ– কারও সাবেক পরিচয় আমাদের কাছে বড় নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে হবে এনসিপির সংগঠক ও নেতাকর্মী। তবে ফ্যাসিজম, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ কোনোভাবেই এই দলে ঠাঁই পাবে না।”
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সব ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
জনতার আওয়াজ/আ আ