সালমান-আনিসুল'র গ্রেফতার-শাস্তি'র সমীকরণ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সালমান-আনিসুল’র গ্রেফতার-শাস্তি’র সমীকরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান এবং তার মন্ত্রীসভার আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক। এরই মধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর মত এই দুইজনকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে।

কিন্তু আইনজ্ঞসহ বিশেষজ্ঞদের মতে, যেই মামলায় সালমান ও আনিসুলকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে, সেই মামলায় তাদেরকে শাস্তির আওতায় আনা বেশ কঠিন হবে। এমনকি খুব সহজেই রেহাইও পেতে পারেন তারা।

একই সঙ্গে তারা বলছেন, সদ্য সাবেক সরকারের শাসনামলে এসব মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ-পাচার, আর্থিক খাতে কেলেঙ্কারির যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সুনির্দিষ্ট তদন্ত ও বিচার হলে সাম্প্রতিক সময়ের এই রাঘব বোয়ালদের শাস্তি নিশ্চিতভাবে হবে।

আইনজ্ঞদের এই দাবি অনুসন্ধান করে দেখতে গিয়ে জানা যায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় গত ১৬ই জুলাই ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে এক শিক্ষার্থীসহ অন্তত দু’জন নিহত হন। ওই ঘটনায় নিহতদের স্বজনরা বাদী হয়ে দু’টি হত্যা মামলা দায়ের করেন। ওইসব মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে হয়েছিল। দুটি মামলার মধ্যে একটিতে তাদের গ্রেফতার দেখানো হয়েছে মদদদাতা হিসেবে।

এই বিষয়ে ঢাকা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আউয়াল গোলন্দাজ বলেন, যে মামলায় এই দুইজনকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়েছে, সেটিতে সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। একই সাথে এই ধরণের হত্যা মামলায় আসামি অজ্ঞাতনামা। ফলে এসব মামলায় তাদের শাস্তির আওতায় আনা কষ্টসাধ্য। তবে, তদন্ত কর্মকর্তার চার্জশিটে হত্যার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে যদি তাদের নাম উঠে আসে সেক্ষেত্রে বিচার সুনিশ্চিত হবে।

অন্যদিকে, এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গীতিআরা নাসরিন ব্রেকিং নিউজকে বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সদ্য সাবেক ফ্যাসিস্ট সরকারের অন্ধ সমর্থক এবং ঘুনপোকা লুকিয়ে আছে। এরা শেষ মুহুর্ত অব্দি নিশ্চিত করতে চাইবে, যেন তাদের পূজনীয়দের কোন ক্ষতি না হয়।

সালমান এফ রহমান ও আনিসুল হক’র গ্রেফতার ও রিমান্ড প্রসঙ্গে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আসলে ঘুরে-ফিরে সেই পুলিশকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলমান। এই ধরণের একটি ঘটনায় তো একজন মদদদাতা ছিল না। সেই হিসেবে গ্রেফতার হলে আইনসিদ্ধভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে বড় ধরণের কোন শাস্তি তাদের হবে না। তবে মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত হলে বড় ধরণের ঝামেলায় পড়বেন এই দুইজন।

নানা অভিযোগে বিদ্ধ এই দুইজনের গ্রেফতার নিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক বলেন, আইনসিদ্ধভাবে তাদের যদি গ্রেফতার দেখানো হয় এবং অন্যান্য স্টেকহোল্ডাররা, যেমন দুদক ও সিআইডি তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ তদন্ত করে দ্রূত মামলা রজু করে তাহলে আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন বলে আশা রাখা যায়। তবে, এক্ষেত্রে স্বাধীন বিচার ব্যবস্থা একটি মূখ্য বিষয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ