সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন, ফিরতে পারবেন দেশে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন, ফিরতে পারবেন দেশে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

ভারতের শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন। সোমবার দিনগত রাত ১১টার দিকে ভারতের গোহাটি বাংলাদেশ হাইকমিশন থেকে এ ট্রাভেল পাস দেয়া হয়। সালাহউদ্দিন আহমেদ জানান, গতকাল রাতে তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন। এটি গত ৮ই জুন ইস্যু করা হয়েছে। এখন ভারতে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলো সম্পন্ন করবেন তিনি। একই সঙ্গে শারীরিক চেকআপ করাবেন।

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ২০১৫ সাল থেকে ভারতের শিলংয়ে রয়েছেন। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে করা মামলায় খালাস পাওয়ার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সালাহউদ্দিন আহমেদ যেকোনো সময় দেশে ফিরতে পারবেন।

তিনি জানান, গত ৫ বছর তিনি শিলংয়ের বাইরে যেতে পারেননি বলে চিকিৎসার বিষয়ে ফলোআপ করাতে পারেননি। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কোথাও যেতে পারেননি। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে সেখানে তার কিডনি ও ঘাড়ের দুটি বড় অপারেশন হয়। তারও আগে বাংলাদেশে তার হার্টে তিনটি রিং বাসানো হয়।

এর বাইরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে তিনি আক্রান্ত। সবকিছুর ফলোআপ করাতে চান তিনি।
২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২শে জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিক তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। কিন্তু ওই মামলায় তিনি বেকসুর খালাস পাওয়ার পর সরকার পক্ষ আপিল করে। চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি এ মামলায় তিনি শিলং জজ কোর্ট থেকে খালাস পান, যার ফলে তার দেশে আসায় কোন বাধা নেই। পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন পরে দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গোহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ