সিংড়ায় অবৈধভাবে মাছ শিকার, বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় অবৈধভাবে মাছ শিকার, বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় অবৈধভাবে বাঁনার বাধ দিয়ে মাছ শিকারের অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বাদী হয়ে সিংড়া থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলী ব্রীজ এলাকায় অবৈধ বাঁনার বাধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগে গত ৩১শে আগস্ট থেকে ৪রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন। অভিযানে অবৈধ বাঁনার বাধ অপসারণ করে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ সালের ৫ ধারায় মামলা করেন তিনি।

মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়াও বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলালকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে কয়েকজন অবৈধভাবে বাঁনার বাধ দিয়ে মাছ শিকার করে আসছিল। আমি পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেছি এবং ৮ জনের নামে মামলা করেছি।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বৃহস্পতিবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অবৈধভাবে বাঁনার বাধ দিয়ে মাছ শিকারের অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করে বাধ অপসারণ ও ৮জনের নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা হয়েছে। অবৈধ বাঁনার বাধ ও সৌঁতিজাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ