সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষকরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে চলছে এ বৈঠক। ইসির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছে ১২ সদস্যের একটি দল। অপরদিকে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে রয়েছেন ৯ সদস্য।

এদিকে গতকাল সোমবার (৯ অক্টোবর) বিএনপি, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল জাতীয় পাটির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলে ছিলেন মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

গত শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন বিষয়ক এ পর্যবেক্ষক দল। দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

প্রাক নির্বাচন পর্যবেক্ষণকারী দলটি পর্যায়ক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধির সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে তাদের।

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার উপায়গুলো বোঝার চেষ্টা করছেন তারা। সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাতেও বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি সম্পর্কে ধারণা নেন তারা।

আগামী ১৩ অক্টোবর বাংলাদেশ ছাড়ার আগে সপ্তাহব্যাপী বাংলাদেশের নির্বাচন পরিবেশ সম্পর্কে তাদের পর্যবেক্ষণ গণমাধ্যমের সামনে তুলে ধরবে মার্কিন এ প্রতিনিধি দল।
সূত্র: সময়টিভি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ