সিলেটে পাড়ায় পাড়ায় ছিল উত্তাপ বিএনপি’র পদযাত্রা আ' লীগের শান্তি সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে পাড়ায় পাড়ায় ছিল উত্তাপ বিএনপি’র পদযাত্রা আ’ লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ

 

সিলেট নগরের পাড়ায় পাড়ায় ছিল উত্তাপ। একদিকে বিএনপি’র পদযাত্রা। অন্যদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয় পুলিশ। গতকাল বিকালে গোটা সিলেট নগরজুড়েই এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপি’র তরফ থেকে কেন্দ্রীয় টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে, আওয়ামী লীগের তরফ থেকে মহানগরের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সমাবেশে পর্যায়ক্রমে অংশ নেন। আওয়ামী লীগ নেতারা জানান, বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরের ৯টি এলাকায় আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। এসব সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানিয়েছেন, বিএনপি’র হত্যা. সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশে। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীর ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ মিলিয়ে রিকাবিবাজার পয়েন্টে, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মিলিয়ে আম্বরখানা গোল্ডেন টাওয়ারের সামনে, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মিলিয়ে মদিনা মার্কেট পয়েন্টে, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড মিলিয়ে মেডিকেলের ২নং গেটের পাশে, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড মিলিয়ে লালদীঘিরপাড়ে, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ কুমারপাড়া পয়েন্টে, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড মিলিয়ে উপশহরে, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড মিলিয়ে নির্বাচন অফিস সংলগ্ন এলাকায় এবং ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কদমতলী পয়েন্টে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এদিকে, বিএনপি’র তরফ থেকে ৩টি এলাকায় রাষ্ট্র মেরামতের দাবিতে ১০ দফা কর্মসূচি নিয়ে পদযাত্রা করেছে। দলের সহ-সভাপতি ডা. এ জেড জাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন আয়োজন, খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। মহানগর বিএনপি’র নেতারা জানিয়েছেন, সিলেট মহানগরীর মদিনা মার্কেট, কীন ব্রিজের মুখ (দক্ষিণ সুরমার অংশ) এবং খাসদবির এলাকা থেকে একযোগে বিকাল ৩টায় পদযাত্রা বের করা হয়। মদিনা মার্কেট এলাকা থেকে বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপি নেতা জি কে গউছ, কলিম উদ্দিন আহমদ মিলন, আব্দুল কাইয়ুম জালালী পংকী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী ও এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে পদযাত্রা বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শাম্মী আক্তার, নাসির উদ্দিন চৌধুরী, আবুল কাহের শামীম, এম নাসের রহমান ও মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে নগরের কীন ব্রিজ এলাকা থেকে পদযাত্রা বের করা হয়। চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, বিএনপি নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, হেলাল খান আব্দুল কাইয়ুম চৌধুরী, শেখ সুজাত মিয়া, হাজী মুজিবুর রহমান মুজিবসহ কেন্দ্রীয় নেতা খাসদবির এলাকা থেকে পদযাত্রা বের করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ