সিলেটে বিএনপির গণসমাবেশে ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগম হবে’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির গণসমাবেশে ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগম হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ

 

চলতি মাসের ১৯ তারিখ সারাদেশের ন্যায় সিলেটেও গণসমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সমাবেশকে সামনে রেখে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা জোরে সুরে কাজ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে গণসমাবেশের নির্ধারিত স্থানে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। সিলেট নগরের চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ পরিদর্শনে গিয়ে বিএনপি নেতারা জানিয়েছেন- এই গণসমাবেশে সিলেটের ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগম হবে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেটে অবস্থানরত কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় বিএনপির নেতারা গণসমাবেশস্থল পরিদর্শনে গিয়ে এ আশাবাদ প্রকাশ করেন।

এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন- ‘আমরা মনে করছি, পরিবহন শ্রমিকেরা গণসমাবেশের আগে ধর্মঘট দেবেন না। আমরা সমাবেশ আয়োজনে পরিবহন শ্রমিকদের সহযোগিতা চাইছি।’

১৯ নভেম্বর পুরো সিলেট নগর জনসমুদ্রে পরিণত হবে বলে আশাবাদ করেছেন সিসিক মেয়র কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন- ‘মাঠের প্রস্তুতিসহ অন্যান্য প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন বিএনপির প্রত্যেক নেতা-কর্মীর লক্ষ্য হচ্ছে ১৯ নভেম্বরের বিভাগীয় জনসমাবেশ সফল করা। কোনো বাধাবিপত্তিতে জনজোয়ার ঠেকানো যাবে না।’

এসময় সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন- ‘পুলিশ ও স্থানীয় প্রশাসন আমাদের সমাবেশ আয়োজনে সহযোগিতা করবে বলে মনে করছি। সমাবেশ সফল করতে সব রাজনৈতিক দল ও পুলিশের সহযোগিতা চাই আমরা। তবে বাধাবিপত্তি এলেও জনসমাগম ঠেকানো যাবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহক্ষুদ্রঋণ–বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপির নেতা হুমায়ূন কবির শাহিন, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ আহমদ চৌধুরী, শামীম আহমদ, আবুল কাশেম, কোহিনুর আহমদ ও গোলাম রব্বানী প্রমুখ।

এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ