সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত বিএনপির আরিফের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত বিএনপির আরিফের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মে দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে নগরের রেজিস্টারি মাঠে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা এখন অধিকার আদায়ের লড়াইয়ে আছি। অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দল (বিএনপি) অংশগ্রহণ করবে না। তবে সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব।

আরিফ আরও বলেন, বিএনপি কেন নির্বাচনে যাবে না তার ব্যাখ্যাসহ কারণ এবং কেন সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব- এ দুটি বিষয়ে জানাতে ২০ মে রেজিস্টারি মাঠে সমাবেশ আহ্বান করেছি। ওই সমাবেশে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করে জনগণের কাছে তুলে ধরব।

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। সিটি নির্বাচনও বর্জন করেছে দলটি। এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক নির্বাচনে প্রার্থী হবেন কি না তা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল।

সিলেট সিটিতে ২০১৩ ও ২০১৮ সালের সবশেষ দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।

আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী দিলেও বিএনপির নির্বাচনে না যাওয়ার ঘোষণা থাকায় এতদিন নিজের অবস্থান পরিষ্কার করেননি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ কারণে সিলেটে নির্বাচনী উত্তাপ ছিল কম।

গত ১৭ এপ্রিল লন্ডন সফর শেষে সিলেট পৌঁছে তিনি গণমাধ্যমকে জানান, বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে এই নগরের জনগণের আশা-আকাঙ্ক্ষার বিষয়ে আমি অবহিত আছি। তাদের এই আশার মূল্যায়ন আমি করব।

কীভাবে মূল্যায়ন করবেন- এ নিয়ে প্রশ্নের উত্তরে যদিও তিনি প্রার্থী হওয়ার ব্যাপারে হ্যাঁ না কিছু বলেননি। ঈদের পরেও তিনি তার প্রার্থিতার বিষয়টি ঝুলিয়ে রেখেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ