সীমান্তে উত্তেজনা : বাংলাদেশের কাছে মায়ানমারের দুঃখ প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সীমান্তে উত্তেজনা : বাংলাদেশের কাছে মায়ানমারের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৩০, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৩০, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ

 

গত দুই মাস ধরে চলা সংঘর্ষের প্রভাব বাংলাদেশে পড়ায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে মায়ানমার। একই সঙ্গে সীমান্তে অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে একমত পোষণ করেছে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩০ অক্টোবর) প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ ইফতেখার। এদিন সকাল ১০টায় নাফ নদের কাছে সীমান্তে টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির ‘সাউদান পয়েন্ট’র সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক শুরু হয় এবং শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। এর আগে সকাল ৯টার দিকে দুটি স্পিডবোটে মায়ানমারের প্রতিনিধি দল শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছান।

মায়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমার মংডুর ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লে. কর্নেল কাও না ইয়ান শো আর বাংলাদেশের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তবে বৈঠক নয়, সীমান্তে কোনো রকম উত্তেজনা চান না সীমান্তের বাসিন্দারা। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দুই রাষ্ট্রের জন্য ভুলবোঝাবুঝি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার বার্তা দেয়াই হবে পতাকা বৈঠকের মূল উদ্দেশ্য।

বিজিবি পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষ যেন বাংলাদেশকে প্রভাবিত করতে না পারে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে এবং দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক উন্নয়নে জোর দেয়া হচ্ছে।

বিজিবির সদর দপ্তর সূত্রে থেকে জানা গেছে, সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে চিঠি পাঠানো হয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) বৈঠকে বসতে রাজি হয়েছে মর্মে একটি চিঠি পাঠায়। পরে রোববার সকাল ১০টার দিকে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক শুরু হয়। সেটি শেষ হয় বেলা সাড়ে ৩টার দিকে।

গত আগস্টে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও রাখাইন প্রদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে শুরু হয় ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণ। গত ২৮ আগস্ট মায়ানমারের ছোঁড়া দুটি মর্টারশেল এসে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে। সীমান্তে গোলাগুলিতে হতাহতের ঘটনায় একাধিকবার মায়ানমার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ