সীমা হামিদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ

ইয়ুথ বাংলা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও বিশিষ্ট সমাজসেবী সীমা হামিদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট।
রবিবার (৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের একটি ৫ তারকা হোটেলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট আয়োজিত অনুষ্ঠানে সীমা হামিদের হাতে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর র্যান্ডি ডি ওয়ার্ড (Randi D Ward)।
অনুষ্ঠানে মোট ৪ জনের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেয়া হয়। এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এবং অপর দুইজনকে প্রফেশনাল ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশ থেকে সীমা হামিদকে নির্বাচিত করার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটি বলেছে, সমাজ সেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।
ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট-এর ভাইস চ্যান্সেলর ড. ড্রাগন জোভানভ, ডিন ড. সফি নুবানি, ড. ভেদ্রানাসহ অসংখ্য শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, সীমা হামিদ সমাজ সেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এর আগেও দেশী-বিদেশী বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। ২০২২ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২২’-এ গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড, একই বছর ভারতের অরিজিৎ অফিসিয়াল থেকে সমাজ সেবা ও নারীর উন্নয়নের জন্য ‘দুর্গা সম্মান ২০২২ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।
জনতার আওয়াজ/আ আ