সুনাককে চান না ৭২ শতাংশ ব্রিটিশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনাককে চান না ৭২ শতাংশ ব্রিটিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনে নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল, লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি (টোরি)। তবে জনমত সমীক্ষা যা আভাস দিচ্ছে, তাতে ৭২ শতাংশ ব্রিটেনবাসীই ঋষি সুনাককে আর প্রধানমন্ত্রী চান না। এমনও আশঙ্কা করা হচ্ছে, শুধু হার নয়, এবারের নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়বে টোরিরা।

জনমত সমীক্ষা বলছে, লেবার পার্টি ৪০ শতাংশ ভোট পাবে, টোরিরা পাবে ২০ শতাংশ এবং নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে পাবে ১৬ শতাংশ ভোট। স্ত্রী অক্ষতাকে নিয়ে নেসডেনের স্বামী নারায়ণ মন্দিরে পুজা দিতে গিয়েছিলেন সুনক। গোটা প্রচারপর্বেই হিন্দু ধর্মের প্রতি আস্থার কথা জানিয়েছেন তিনি।

কথার মাঝেমাঝে ভগবত গীতা থেকে দু’এক লাইন বলেছেন। যেমন বলেছেন, নির্বাচনের ফলাফল যা-ই হোক, তিনি কর্মের উপর বিশ্বাস করেন। অনেকেরই বক্তব্য, নিজের দলও সুনাকের উপর তেমন একটা ভরসা করতে পারছে না। এ অবস্থায় একমাত্র ‘ঈশ্বরই ভরসা’ সুনাকের।

রিফর্ম ইউকে-র নেতা ফারাজ দাবি করেছেন, কনজারভেটিভদের ভোট এবার তাদের ঘরে ঢুকবে। তারাই প্রধান বিরোধী দল। আজ তাকে এক হাত নিয়েছেন সুনাক। গলা চড়িয়েছেন লেবার নেতা কিয়ার স্টার্মারের বিরুদ্ধেও। ফারাজও পাল্টা বলেছেন, সুনাক ‘চূড়ান্ত পিছল’ পথে দাঁড়িয়ে রয়েছেন। তার দলেরই নেতা তার প্রতি ‘জাতিবিদ্বেষী’ মন্তব্য করেছেন।

সুনাকও এর আগে এ নিয়ে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন। জানিয়েছেন, তার মেয়েও ওই মন্তব্য শুনেছে ও স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছে।

প্রচারে জনসাধারণের প্রতি সুনকের বার্তা, যারা এখনো নিশ্চিত নন, কাকে ভোট দেবেন, তাদেরকে অনুরোধ টোরিকে ভোট দিন। কারণ লেবার পার্টি শুধুই সমাজের মধ্যস্তরকে নিয়ে কথা বলছে। সকলের নিয়ে ভাবছে না।

স্টার্মার পাল্টা বলেছেন, ‘ভাবুন কী ভয়ানক হবে! শুক্রবার ঘুম থেকে উঠে দেখলেন টোরিরা আরও পাঁচ বছর দেশ চালাবে।’

টোরিদের বিদ্রুপের পাশাপাশি তার আর্জি, ‘এবারের গ্রীষ্মে দেশে একটা বদল আসুক।’ সেই সঙ্গে প্রতিশ্রুতি- ‘আমি যদি প্রধানমন্ত্রী হই, পার্টি পরে থাকবে, আগে দেশের কথা ভাবব।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ