সুনামগঞ্জ ৩-প্রবাসী প্রার্থীর ছড়াছড়ি মাঠ চষে বেড়াচ্ছেন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জ ৩-প্রবাসী প্রার্থীর ছড়াছড়ি মাঠ চষে বেড়াচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে বেশ পরিচিত সুনামগঞ্জ-৩ আসন। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটি। ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৬৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ৯২২ জন এবং নারী ১ লাখ ৭০ হাজার ৯২২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। স্বাধীনতার পর থেকে এ আসনে ভিআইপি ব্যক্তিরাই সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, সাবেক জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী এ আসনের এমপি ছিলেন। সর্বশেষ আওয়ামী লীগের সাবেক এমপি ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এম এ মান্নান বর্তমানে রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয়। সেই সঙ্গে স্থানীয় আওয়ামী ঘরানার নেতাকর্মীরাও মাঠে নেই। তাই বর্তমানে বাকি দলগুলো মাঠ চষে বেড়াচ্ছেন। এরই মধ্যে বেজে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা। রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর নির্বাচনে লড়তে বিএনপি, জামায়াত, জমিয়ত, খেলাফত, এনসিপি, মজলিসসহ বিভিন্ন দলের প্রবাসী প্রার্থীদের ছড়াছড়ি। এ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় বিএনপি’র ছয়জন দৌড়ে এগিয়ে আছেন।

জামায়াতে ইসলামী, জমিয়ত উলামায়ে ইসলাম জমিয়ত উলামায়ে ইসলামের (খেজুর গাছ), বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলামের (মুফতি ওয়াক্কাস) এবং খেলাফত মজলিস থেকে (স্বতন্ত্র) মনোনীত একক প্রার্থী রয়েছেন। তবে এনসিপি থেকে এখানে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। বিএনপি’র মনোনয়নের প্রত্যাশীরা হলেন- যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম কয়ছর আহমদ, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, মেজর (অব.) সৈয়দ আলী আশফাক শামী, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এম এ সাত্তার এবং এম এ কাহার। অপরদিকে সাবেক সংসদ সদস্য (খেলাফত মজলিস) মনোনীত প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের অপর প্রার্থী শেখ মোশতাক আহমদ, জামায়াতে ইসলামী প্রার্থী এডভোকেট ইয়াসিন? খান, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক (মুফতি ওয়াক্কাস) সৈয়দ তালহা আলম, জমিয়ত উলামায়ে ইসলাম (ওবায়দুল্লাহ ফারুকী) হাম্মদ আহমদ গাজীনগরী (খেজুর গাছ) মাঠ চষে বেড়াচ্ছেন।

একসময় আওয়ামী লীগের ঐতিহ্যবাহী আসন হিসেবে পরিচিত ছিল সুনামগঞ্জ-৩। কিন্তু ৫ আগস্টের পর আওয়ামী নেতাদের অনুপস্থিতিতে প্রবাসী ও ইসলামপন্থিদের প্রতিদ্বন্দ্বিতায় আসনটিকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপি বরাবর এ আসনে শক্ত অবস্থানে থাকলেও কখনো বিজয় অর্জন করতে পারেনি। তবে এ আসনে ইসলামপন্থি দলগুলোর রয়েছে শক্তিশালী ভোট ব্যাংক। ২০০৫ সালের উপনির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়তের মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বিজয়ী হন। যদিও পরবর্তীতে নানা কারণে সমালোচিত হোন তিনি। তবে নির্বাচনী মাঠ দখল করতে খেলাফত মজলিসের হয়ে আগের অবস্থানে ফিরে যেতে চেষ্টা করছেন তিনি। সরজমিন দেখা গেছে, নির্বাচনী মাঠে বিএনপি নেতা কয়ছর এম আহমেদ, জমিয়তে উলামায়ের সৈয়দ তালহা আলম ও জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট ইয়াসিন? খান এবং বিএনপি নেতা আনোয়ার হোসেনের প্রচারণা তুঙ্গে রয়েছে।

ভোটাররা জানান, যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম কয়ছর আহমেদ ৫ই আগস্টের পর দেশে ফিরে তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তিনি। প্রবাসী নেতা এম কয়ছর সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, পোস্টার-ব্যানার এবং জনসংযোগে মাঠ পর্যায়ে এগিয়ে রয়েছেন। যুক্তরাজ্য বিএনপি’র সাবেক নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন দেশে এসে নির্বাচনী মাঠ দখল নিতে সভা-সমাবেশসহ গণসংযোগ করছেন। নির্বাচনী এলাকার ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তিনি। নির্বাচনী মাঠে নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন মেজর (অব.) সৈয়দ আলী আশফাক শামী। তার পিতা কর্নেল (অব.) সৈয়দ আলী আহমেদ ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক। নির্বাচনী এলাকায় পোস্টার-ব্যানার সাঁটিয়ে গণসংযোগসহ নিজের অবস্থান তুলে ধরছেন ভোটারদের কাছে। প্রবীণ রাজনীতিবিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ মালেক খান নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কৌশল বিনিময়সহ প্রচারণা চালাচ্ছেন। একইভাবে প্রচারণায় রয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এম.এ সাত্তার ও এম.এ কাহার। জামায়াতে ইসলামী প্রার্থী এডভোকেট ইয়াসীন খান নির্বাচনী মাঠে এককভাবে প্রচারণাসহ মতবিনিময় সভা করছেন। জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি সৈয়দ তামিম আহমদ ও হাম্মদ আহমদ গাজীনগরী নির্বাচনী এলাকায় প্রচারণায় রয়েছেন। সম্প্রতি জমিয়ত নেতা মুশতাক আহমদ হত্যাকাণ্ডের ঘটনায় জমিয়তের দুই এমপি প্রার্থী মুখোমুখি অবস্থান নিয়েছেন। এতে দলীয় কর্মী সমর্থকরা বিভক্ত হয়ে পড়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ