সুনির্দিষ্ট তথ্য ছাড়াই মার্কিন নিষেধাজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনির্দিষ্ট তথ্য ছাড়াই মার্কিন নিষেধাজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বারবার বলেছেন, বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন করছে না, বরং খুব যত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইনার হুইল ক্লাবের আয়োজিত ‘পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলন’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাননি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ভিত্তিহীন প্রমাণিত হলো কি না?

জবাবে মন্ত্রী বলেন, ‘আমি শুধু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের উক্তিটিই করেছি। অনেকেই অনেক কথা বলেন। আমি সবসময় বলে থাকি তথ্য ও প্রমাণ ছাড়া কিছু বললে তা কেউ বিশ্বাস করে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট বাংলাদেশে এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আমাদের কিছু প্রশ্ন আগেই দিয়েছিলেন। তার প্রশ্নের ৭৬ জন গুমসহ অন্যান্য বিষয় আমরা ভিডিও প্রেজেন্টেশন তাকে দেখিয়েছিলাম এবং কোন দিন কী হয়েছে বিস্তারিত বিষয় তার কাছে তুলে ধরেছি। এসব দেখে তিনি আমাদের কোনো প্রশ্ন করেননি। সব কিছু বিশ্লেষণ করে তিনি মতামত দিয়েছেন। তিনি তার বিজ্ঞতা দেখিয়েছেন।’

মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবসময় বলে আসছি তারা (বিএনপি) একটা অবস্থার সৃষ্টির জন্য বিভিন্নভাবে রটনা করে যাচ্ছে। যেগুলোর কোনো ভিত্তি নেই এবং সত্যতা দেখাতে পারেনি। ভিত্তি না থাকার কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আমাদের দেশের মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।’

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশ সফর করেছেন। এসময় দেশে বিভিন্ন সময় গুম, হত্যার ঘটনা নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা তার সঙ্গে বৈঠকে তথ্য উপাত্ত তুলে ধরেছেন।

সফর শেষে বাংলাদেশ ছাড়ার আগে স্বাধীন ও বিশেষায়িত নতুন একটি সংস্থার মাধ্যমে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ