সুন্দরবনে ২ মৌয়াল ও জেলে অপহরণ, মুক্তিপণ দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুন্দরবনে ২ মৌয়াল ও জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

ছবি: সংগৃহীত
সুন্দরবনে অস্ত্রের মুখে দুই মৌয়াল ও জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে ডাকাত দল আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে বলে দাবি করেন তাদের অন্য সহকর্মীরা।

অপহৃত জেলেরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত শেখ আব্দুর রহমানের ছেলে মৌয়াল আব্দুল করিম (৪৮) ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে জেলে ইসমাইল হোসেন (২৮)।

তাদের সঙ্গে থাকা অপহৃত ইসমাইল হোসেনের পিতা মিজানুর রহমানসহ অন্য জেলে আব্দুল আলিম ও শামীম হোসেন জানান, বনদস্য আলিম ওরফে আলিফ বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে করিম ও ইসমাইলকে জিম্মি করে গভীর বনের দিকে চলে যায় অপহরণকারীরা। পরে ইসমাইলকে মুক্তি পেতে হলে ৬০ হাজার টাকার মুক্তিপণ দাবি করা হলেও আব্দুল করিমের বিষয়ে এখনো কিছু জানায়নি অপহরণকারীরা।

জানা গেছে, গত ২৬ ও ২৮ এপ্রিল পৃথক দুটি নৌকায় এসব বনজীবীরা নিজ নিজ দলের সদস্যদের নিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কদমতলা স্টেশন থেকে বৈধ পাস (অনুমতি পত্র) সুন্দরবনে প্রবেশ করেন। তারা মধু আহরণ ও মাছ শিকারের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। তবে ভুক্তোভোগীর স্বজন বা মহাজনদের কারও নিকট থেকে অভিযোগ পেলে পরবতী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ