সুলতানাকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার (৬ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি করে মহিলা দল। মিছিলটি নয়াপল্টনের ভাসানী ভবনের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যান্যের মধ্যে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান, শাম্মি আখতার, রুমা আক্তার, মিসেস শামীমা রাহিম, শাহীনুর নার্গিসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান দেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, সুলতানা আহম্মেদকে আটক শুধু অমানবিকই নয়, একজন সম্মানিত নারী নেত্রীর প্রতি চরম অবমাননা। দেশে শুধু বিরোধীদলীয় পুরুষ নেতাকর্মীরাই নয়, নারী নেত্রীরাও সরকারি আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না।
তিনি আরও বলেন, সরকারের অপকর্মের বিরুদ্ধে সত্য উচ্চারণের কারণে যে কেউ মারাত্মক জুলুমের মধ্যে পড়তে পারেন। সুলতানা আহম্মেদ সেই জুলুমেরই শিকার।

এর আগে সকালে সুলতানা আহম্মেদকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে র্যাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর শুনানি শেষে সুলতানাকে দুদিনের রিমান্ড দেন আদালত।
রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা। সেখানে তিনি ‘উসকানিমূলক ও আপত্তিকর’ কথা বলেন। এছাড়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা অবনতিসহ স্বাধীনতা যুদ্ধ ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বক্তব্য দেন।
জনতার আওয়াজ/আ আ