সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৯, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৯, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। এ কারণেই আওয়ামী লীগ একতরফা নির্বাচনের উদ্যোগ নিচ্ছে। বিএনপির প্রতিটি কর্মসূচির দিন শান্তি সমাবেশের নামে তারা অশান্তি সৃষ্টি করেছে। দেশের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা গণদাবিতে পরিণত হয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, একদলীয় শাসন কায়েম করতে সরকার দেশের সংবিধান কাটছাঁট করেছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে লুট করেছে। বিচারব্যবস্থাকে দলীয়করণ করেছে। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।
সংবাদ সম্মেলনে এক দফা দাবি আদায়ে শুক্রবার রাজধানীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এ দিন ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা নগরীতে আলাদা আলাদা দুইটি গণমিছিল করবে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা করছে পুলিশ। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। মামলা হামলা করে আন্দোলন দমানো যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ