সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১ বিলিয়ন ডলার রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১ বিলিয়ন বা ১৬৭ কোটি ৩০ লাখ ডলার। স্থানীয় মুদ্রায় এটির মান প্রায় ২০ হাজার ৪১০ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩৭ কোটি ১০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৬৫৭ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ৫৪৪ কোটি ডলারের তুলনায় ২০ দশমিক ৮০ শতাংশ বেশি।
জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরের পুরো বছরে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
বিশ্লেষকরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা এবং প্রবাসী আয়ের পথ সহজ করায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।
জনতার আওয়াজ/আ আ