স্বতন্ত্র হলেও আ'লীগ নেতাদের নির্বাচন করতে দেওয়া হবে না :রাশেদ খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বতন্ত্র হলেও আ’লীগ নেতাদের নির্বাচন করতে দেওয়া হবে না :রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং এটি হতে হবে ফ্যাসিবাদ মুক্ত, অবাধ ও ইতিহাসের সেরা নির্বাচন—এমনটি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি বর্জন করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের কোনো নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা মাঠে নামে, জনগণ তাদের প্রতিহত করবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত “নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবনা ও করণীয়” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, নির্বাচনী পরিবেশ এখনও তৈরি হয়নি। পুলিশসহ অন্যান্য বাহিনী সঠিকভাবে কাজ করছে না। জনগণের মধ্যে সন্দেহ আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। আমরা এখন শুধু সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছি। সেনাবাহিনীকে গণতন্ত্রের পক্ষে জনগণের পাশে থাকতে হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করা হচ্ছে। তারা এখন স্বতন্ত্র প্রার্থী করার পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয়; একমাত্র লক্ষ্য নির্বাচন বানচাল করে আবার ‘এক-এগারো’ টাইপ পরিস্থিতি সৃষ্টি করা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা।

রাশেদ খান জাতীয় পার্টি ও ১৪ দলকেও ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে, তাদেরও নির্বাচন থেকে বয়কটের আহ্বান জানান।

নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমরা প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ও সচিব মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করেছি যাতে জাতীয় পার্টিসহ ১৪ দলকে সংলাপে আহ্বান না করা হয়। নির্বাচন কমিশন ফ্যাসিস্ট দোসরদের সংলাপে আহ্বান করেননি।”

তিনি আরও বলেন, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনে নিয়োগ হবে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে, কোনো রাজনৈতিক পরিচয় বা পারিবারিক সম্পর্ক দেখে নয়। ফ্যাসিবাদ যাতে আর কখনো মাথা তুলতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সেমিনারের সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃ.জেনারেল (অব.) রোকন উদ্দীন, আমজনতা পার্টির সদস্য সচিব ফাতেমা তাসলিম রাধা, সবুজ আন্দোলনের সভাপতি কাজী রেজাউল করিম এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ