স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকাসহ সারাদেশে জনসম্মুখে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজিকে ১০ জন আইনজীবীর পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ১০ আইনজীবীর পক্ষ থেকে নোটিশ প্রেরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।
নোটিশে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকার বিশেষ করে মোহাম্মদপুর, বনশ্রী, মিরপুর, ধানমন্ডিসহ আরও অনেক এলাকায় ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতসহ ইতোপূর্বে জনসম্মুখে পিস্তল, চাপাতি ও রামদা হাতে এবং সাধারণ মানুষকে মৃত্যুর ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে জানা গেছে, গত জানুয়ারি মাসে সারাদেশে ৭১টি ডাকাতি, ১৭১টি ছিনতাই, ২৯৪টি খুন, ১০৫টি অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এই মাসে রাজধানীতে ৮টি ডাকাতি, ৫৪টি ছিনতাই, ৩৬টি খুন এবং ৩১টি অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া ২০২৪ সালে সারাদেশে ৪৯০টি ডাকাতি, ১ হাজার ৪১২টি ছিনতাই, ৩ হাজার ৪৩২টি খুন এবং ৬৪২টি অপহরণের ঘটনা ঘটে।
এছাড়া লিগ্যাল এইডের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে ধর্ষণের শিকার হয়েছেন ৬৪ নারী, ক্যামেরার আড়ালে ঘটে যাচ্ছে এ রকম হাজারো ঘটনা।
নোটিশে আরও বলা হয়, আমি ও আমার মক্কেলদের এবং সাধারণ মানুষের সার্বিক প্রয়োজনে রাস্তায় বের হওয়া এখন হুমকির মুখে; যেখানে সেখানে জনসম্মুখে গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে সর্বহারা করে দিচ্ছে সাধারণ মানুষকে। যার ফলে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী, বাসায় মা-বোনেরা- মোদ্দাকথা দেশের সর্বস্তরের সাধারণ মানুষ সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে।
এছাড়াও প্রতিনিয়ত ঘটে যাচ্ছে গুম, হত্যাসহ ধর্ষণ, ছিনতাই, রাহাজানি ও ডাকাতির ঘটনা এবং জনসম্মুখে রামদা দিয়ে রাস্তার ওপর কুপিয়ে গুরুতর জখম করে নরহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে।
জনতার আওয়াজ/আ আ