স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।

রবিবার (২৬ মার্চ) সকাল ১০টায় শেরে বাংলা নগর এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর আগে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে মিছিল শুরু করতে দেখা যায় তাদের। পরে ‘জিয়ার সৈনিক, এক হও’; ‘লড়াই করো’- এমন নানা স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরও বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আজ লড়াই করতে হচ্ছে। যারা নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে তাদের (আ’লীগ) শাসনামলেই মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি ভূলন্ঠিত হয়।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধ কারো একক প্রচেষ্টার ফসল নয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা। আর স্বাধীনতার আদর্শ ও চেতনা অক্ষুন্ন রাখতে সম্মেলিত আন্দোলনের মাধ্যমে বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে।

এর আগে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলের জাতীয় নেতারাসহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির শীর্ষ নেতারা।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলের জাতীয় নেতারা ছাড়াও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণসহ ফাতেহা পাঠ করেন।

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান উমর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ