স্বাস্থ্য খাত দুর্নীতির বড় আখড়া বলে মন্তব্য করেছেন জি এম কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্য খাত দুর্নীতির বড় আখড়া বলে মন্তব্য করেছেন জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ

 

স্বাস্থ্য খাত দুর্নীতির বড় আখড়া বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিকিৎসকরা। স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট আমলা ও ব্যবসায়ীরা লাখো-কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। করোনা মোকাবিলায় সাফল্যের চেয়ে দুর্নীতি বেশি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির তথ্য প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার দলের বনানীর কার্যালয় মিলনায়তনে চিকিৎসা বিজ্ঞানী ডা. জাহিদুল বারীর নেতৃত্বে শতাধিক চিকিৎসক জাপায় যোগ দেন। এ সময় ‘জাতীয় চিকিৎসক পরিষদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। জাতীয় পার্টি চেয়ারম্যান দলে যোগ দেওয়া চিকিৎসকদের স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, কোভিড মোকাবিলায় আমরা নাকি প্রাইজ পেয়েছি। বিদেশ থেকে পুরস্কার কীভাবে আসে আমরা তা জানি। দেশের মানুষ কী আপনাদের পুরস্কার দিয়েছে? বিদেশি প্রাইজের কথা বলে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। দুঃখজনক হলো, কোভিডের কথা বলেও কিছু মানুষ হাজার-হাজার কোটি টাকা পাচার করেছে। সকল খাত থেকেই লুটপাটের টাকা বিদেশে পাচার করা হচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে জড়িত ব্যবসায়ীরা আঙুল ফুলে কলাগাছ নয়, বটগাছ হয়েছে। দুর্নীতি রোধে কোনো ব্যবস্থা নেই। হাসপাতালে নির্ধারিত কোটা অনুযায়ী ডাক্তার নেই এই কথা সংসদে বললে ওই হাসপাতালে ডাক্তারের সংখ্যা আরও কমে যায়। বাথরুমের সামনেও রোগী থাকে যেন নারকীয় পরিবেশ।

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে জি এম কাদের বলেন, দেশের চিকিৎসা খাতে হ-য-ব-র-ল চলছে। মানুষ কখনোই চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি। সংখ্যা কম থাকায় চিকিৎসকদের ওপর বাড়াবাড়ি রকমের দাবি থাকে সাধারণ মানুষের। যেটা অনেক সময় চিকিৎসকরা ম্যানেজ করতে পারে না। এ কারণেই অনেক সময় সংঘাত সৃষ্টি হয়।

তিনি বলেন, যারা দায়িত্বে আছেন তাদের একটাই লক্ষ্য কী করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া যায়। যার কারণে বেশির ভাগ মানুষ চিকিৎসা সহায়তা পাচ্ছে না। চিকিৎসা খাতে কোনো সাফল্য নেই।

এ সময় জাপা চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশে কারও নিরাপত্তা নেই। বাবা তার ছেলেকে বা স্বামী তার স্ত্রীকে নিরাপত্তা দিতে পারছে না। মানুষের জীবনের, সম্পদের, ইজ্জতের নিরাপত্তা নেই। পুরো সমাজই নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এক শ্রেণির মানুষ যা খুশি তাই করছে, কোনো জবাবদিহি নেই।

যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা. আজগর হোসাইন, প্রফেসর ডা. সিদ্দিকুর রহমান, প্রফেসর ডা. শহিদুল হক, ডা. আসাদুজ্জামান, ডা. মামুনুর রহমান, ডা. মো. ইমতিয়াজ, ডা. মো. জাবেদ, . মো. ফয়সাল, ডা. মো. আসাদ, ডা. মাহফুজ আলম, ডা. ইসমাইল হোসেন, ডা. হাসামি রাফসান জানি শাওন, ডা. রাফি, ডা. ফাহাদ খান, ডা. জি এম মাহবুব, ডা. ইসমাইল হোসেন, ডা. মাহফুজুর রহমান, ডা. দুর্জয়, ডা. বিবেক বণিক, ডা. ইরান, ডা. আশিক, ডা. আব্দুল্লাহ, ডা. শায়েব, ডা. মিনহাজ।

এ ছাড়া বক্তব্য রাখেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, লে. কর্নেল তসলিম উদ্দিন, ড. জাফর সিদ্দিকী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ