স্বৈরাচারীর ভূত প্রশাসন বিভিন্ন জায়গায় নাড়া দেওয়ার চেষ্টা করছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
স্বৈরাচারীর ভূত প্রশাসন এখনও বিভিন্ন জায়গায় নাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন,’যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে? যারা বঞ্চিত ছিল তাদেরকে দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন? এখনো এক গভীর চক্রান্ত চলছে বলে অনেকেই বিশ্বাস করে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোর ঘুড়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন,’আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই যতদূর সম্ভব পদক্ষেপ নিন। কারণ শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনো তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, আমলা থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন,’১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায়। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। এক দেশের কাছ থেকে জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, অন্য রাষ্ট্রের কাছে বন্দী হতে নয়।
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গে রিজভী বলেন,’২১ আগস্ট গ্রেনেড হামলা, এটা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কি, এটা জানতে না দিয়ে এটাকে আওয়ামী লীগ করণ করা হয়েছিল যাতে বিএনপির বিশেষ করে আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই গণ-আন্দোলনকে সংঘটিত করেছিলেন তিনি ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রভুদের টার্গেট। এটা ছিল শেখ হাসিনা ও তার প্রভুদের চক্রান্ত। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জানতাম জাতীয়তাবাদী শক্তিকে নির্মুল করার জন্য শেখ হাসিনা এবং তার প্রভুরা এটা করেছিল।
বিক্ষোভ মিছিলে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মোন্না, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মেহবুব মাসুম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ