‘স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট’ ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়: আইজিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
‘ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক কর্মশালায় আইজিপি মো. আলী হোসেন ফকির
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর। বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে ‘স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট’ ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়। ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
বুধবার (১১ মার্চ) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত ‘ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল সবকিছু মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে হবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আলী হোসেন ফকির বলেন, নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় প্রায়ই আসে ট্রাফিক পুলিশের মাধ্যমে। একজন ট্রাফিক সার্জেন্ট যখন রাস্তায় দাঁড়ান, তিনি শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না, তিনি রাষ্ট্রের আইন এবং শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তার আচরণ, পেশাদারত্ব এবং নৈতিকতা সরাসরি পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম। এতে স্বাগত বক্তব্য দেন কলেজের ভাইস-রেক্টর এস এম আক্তারুজ্জামান এবং কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মোসলেহ্ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজিপি (উন্নয়ন) সরদার নূরুল আমিন।
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ
বুধবার (১১ মার্চ) পৃথক সময়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সুহেল দাউদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা- এফবিআইয়ের চার সদস্যের এক প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
জনতার আওয়াজ/আ আ