‘স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‍্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‍্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‍্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘শরীর ও মনের সুস্থতার জন‍্য খেলাধুলার কোন বিকল্প নাই। প্রতিনিয়ত খেলাধুলার মধ‍্যে থাকলে শরীর ও মন ভাল থাকে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে বাংলাদেশ কিভাবে সোনার বাংলা হবে সে ভিত রচনা করেছিলেন। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত‍্যা করার পর দেশ অন্ধকারে চলে যায়। দেশ কাঙ্ক্ষিত লক্ষ‍্যে পৌছতে পারেনি। পিছিয়ে গেছে। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়ন ও পরিবর্তন হয়েছে। তাবত দুনিয়া এ উন্নয়ন ও পরিবর্তনের প্রশংসা করছে। অনেক দেশ এটিকে উন্নয়নের মডেল হিসেবে দেখছে।’

খালিদ মাহমুদ বলেন, ‘নৌপথ তৈরি, ধরে রাখা ও মানোন্নয়নে বিআইডব্লিউটিএ এর অপরিসীম ভূমিকা রয়েছে। তাদের কর্মকান্ড প্রশংসিত হচ্ছে। একটা সম্মানের জায়গায় চলে গেছে। এ ধারা অব‍্যাহত রাখতে হবে। ২০৪১ সালের উন্নত ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‍্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হয়ে এর ভূমিকা যথাযথভাবে পালন করবে।’

সম্প্রতি ভারতীয় ক্রুজ ভেসেল ‘গঙ্গা বিলাস’ বাংলাদেশে এসেছে। তারা নৌপথের সুষ্ঠু ব‍্যবস্থাপনায় বিআইডব্লিউটিএর এবং দেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেছেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিভিন্ন অঞ্চলের ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক তারিকুল হাসান ও সদস‍্য সচিব মুনছুর আলী মোল্লা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ