স্লোগানে, সতর্কতায় এক অন্য ঢাকা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
শুক্রবার সকাল থেকে এখন অব্দি রাজধানীর মৎস্যভবন এলাকা, কাকরাইল মোড়, নয়া পল্টন, ফকিরাপুল, মতিঝিল, বায়তুল মোকাররম উত্তর গেট এলাকা, নোয়াখালী টাওয়ার এলাকা, প্রেসক্লাব, সেগুনবাগিচা, মালিবাগ, শান্তিনগর, মৌচাক এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে ও অলিগলিতে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে প্রতিটি সড়ক। একইসাথে সতর্ক অবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রাজধানীতে আজ সমাবেশ করবে বিএনপি। তাদের মোকাবিলায় পাল্টা সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন। দুই সমাবেশেই ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দুই দল।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা। বেলা যত বাড়ছে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকায় বাড়ানো হচ্ছে পুলিশের জনবলও। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি ও জলকামান।
নিরাপত্তায় নিয়োজিত ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা নেওয়া হচ্ছে। প্রতিটি পয়েন্টেই ফোর্স মোতায়েন করা হচ্ছে। যেখানেই নেতাকর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা হচ্ছে সেখানেই ফোর্স পাঠানো হচ্ছে।
বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও আরও ৩৭টি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে আজ। আর সে কারণে নিরাপত্তা নিশ্চিতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে।
এসব এলাকায় পুলিশ ও আনসার বাহিনীর এজিবি টিমকে দেখা গেলেও র্যাব কিংবা বিজিবির কোনো সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
জনতার আওয়াজ/আ আ