হল ত্যাগ না করার ঘোষণা ঢাকা মেডিক্যালের শিক্ষার্থীদের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হল ত্যাগ না করার ঘোষণা ঢাকা মেডিক্যালের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষের ঘোষণার পরও কলেজ ত্যাগ কিংবা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, কলেজ প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং হল ত্যাগ করবেন না।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় ঢামেক কর্তৃপক্ষের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‘মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কোনো আলোচনা না করে একতরফাভাবে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল থেকে বের করে দিতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি, এটি অন্যায় নয়।’

তিনি বলেন, ‘পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা না করে উল্টো আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

এর আগে, সকাল থেকে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর বিকেলে কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে ২২ জুন দুপুর ১২টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

তবে ওই নির্দেশনায় পেশাগত পরীক্ষার্থীদের এবং বিদেশী শিক্ষার্থীদের বন্ধের আওতামুক্ত রাখা হয়েছে।

যেসব দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা :

১. দ্রুত নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের বাজেট পাস

২. নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা

৩. নতুন অ্যাকাডেমিক ভবনের বাজেট অনুমোদন

৪. পৃথক বাজেট ও দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা

৫. কার্যক্রমে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ