হাতপাখার সমাবেশ’ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ : ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাতপাখার মিটিং (সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ) বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, তার প্রমাণ কিছু রাজনৈতিক নেতাদের এসব বক্তব্য (পিআর পদ্ধতি, নির্বাচন না হওয়া; অন্তর্বর্তী সরকারের এগারো মাস পার হলেও এখনো সংস্কার শেষ করতে পারেনি)।
বুধবার (২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরও দুচার জন রাজনৈতিক নেতাকে নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না- এসব কথা বলা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি দশমাস, এগারো মাস কাটিয়ে দিয়েছেন। কিন্তু একটা লক্ষ্য আপনার আছে- ফেব্রুয়ারি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়, ফেব্রুয়ারিতে অনুগ্রহ করে নির্বাচনটা দেন।
তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ