হাতাহাতির ম্যাচে জামালের দারুণ গোলের পরও ফাইনালে মোহামেডান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাতাহাতির ম্যাচে জামালের দারুণ গোলের পরও ফাইনালে মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
ফেডারেশন কাপে ব্রাদার্স ইউনিয়নকে হতাশ করে ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং। সৌরভ দেওয়ানের জোড়া গোলে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মঙ্গলবার ২–১ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে সাদা-কালোরা। এ নিয়ে গত চার বছরে তৃতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে ঐতিহ্যবাহী দলটি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ৩৮ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। রহমত মিয়ার লং থ্রোয়ে এলি কেকের মাথা ছুঁয়ে আসা বলে হেড করে জালের ঠিকানা খুঁজে নেন সৌরভ।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। ৪৯ মিনিটে আলমগীর গাজীর নেওয়া ভলি ঝাঁপিয়ে পড়ে ঠেকান মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।

৭২ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পায় ব্রাদার্স। ডি-বক্সের খানিকটা সামনে ফাউলের শিকার হন আলমগীর গাজী। সেখান থেকে ফ্রি-কিকে দুর্দান্ত এক গোলে ব্যবধান ১–১ করেন ব্রাদার্স অধিনায়ক জামাল ভূঁইয়া। এটি চলতি মৌসুমে তার প্রথম গোল।

যোগ করা সময়ের প্রথম মিনিটে মুজাফফর মুজাফফরভের নেওয়া কর্নার থেকে জটলার মধ্যে বল পান সৌরভ। দুর্দান্ত ভলিতে জাল কাঁপাতে কোনো ভুল করেননি তিনি।

রেফারির শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে মুখ ফেটে রক্ত বের হয় মুজাফফরভের।

আগামী ১৯ মে ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্সকে ৪–০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কাটে কিংস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ