হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাসপাতালে যান তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দলের নীতি নির্ধারক পর্যায়েও উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার চিকিৎসা পরিস্থিতি নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
জনতার আওয়াজ/আ আ