হাসিনার পতনে ভূমিকার অভিযোগকে ‘হাস্যকর’ বলল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক
শেখ হাসিনার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগকে ‘মিথ্যা ও হাস্যকর’ বলে আখ্যায়িত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ কথা বলেন।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে- এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, “এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল- এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা।”
যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে ৪০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর সোমবার (৫ আগস্ট) ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান।
জনতার আওয়াজ/আ আ