হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত কোনোভাবে দায়ী নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তাকে জানানো হয় যে ভারত বাংলাদেশে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক চায়। এই অবস্থানটি সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের বৈঠকগুলোতেও পরিষ্কারভাবে বলা হয়েছে।
এই মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ থেকে একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করা হয়েছে এবং তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করা হয়েছে, যা দুঃখজনক। তিনি বলেন, বাংলাদেশ এই ধরনের বিবৃতির মাধ্যমে ক্রমাগত নেতিবাচক মনোভাব প্রদর্শন করছে।
শেখ হাসিনার মন্তব্যগুলোকে তার ব্যক্তিগত মতামত হিসেবে তুলে ধরে রণধীর জয়সওয়াল বলেন, এতে ভারতের কোনো ভূমিকা নেই। তিনি আরও বলেন, ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্ক বজায় রাখার জন্য প্রয়াস চালিয়ে যাবে, তবে এই ধরনের বক্তব্যের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতায় কিছুটা প্রভাব পড়তে পারে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ এই পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে সম্পর্কের পরিবেশকে নষ্ট করবে না এবং উপযুক্ত প্রতিক্রিয়া দেখাবে।
জনতার আওয়াজ/আ আ