হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানির সামিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানির সামিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, স্বৈরাচার খুনি হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা আন্দোলনের নিহত আন্দোলনকারীদের রক্তের সাথে বেইমানির সামিল।

তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ৬ মাস সময় অতিবাহিত করেছে, কিন্তু এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি এদেশের মানুষ দেখতে পাচ্ছে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর আয়োজিত পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলে সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি গুলশান ২ নম্বর থেকে শুরু করে বনানী গিয়ে শেষ হয়। এতে সংঠনের শত শত নেতাকর্মী যোগ দেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে জুয়েল বলেন, দ্রুত হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করুন, প্রয়োজনে ইন্টারপোল এর সাহায্য নিন। তিনি অভিযোগ করে বলেন, আপনারা যখনি হাসিনার টেলিফোন আলাপ জনসম্মুখে আসে তখন একটু হম্বিতম্বি করেন কিন্তু কার্যত: এখনো হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে বসে আছে—সেই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেন না।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহবায়ক বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এর নামে কালক্ষেপণ করছে, তারা নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না। এদেশের জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়; জনগণ চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ সংস্কারে ভূমিকা রাখবে। তিনি অতি দ্রুত নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিশেষ জোর দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এর প্রতি আহবান জানান।

ঢাকা মহানগর উত্তর যুবদল এর যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- জুলহাস আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম পিন্টু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ