‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’বক্তব্যে আসলে কী বোঝাতে চেয়েছেন জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’বক্তব্যে আসলে কী বোঝাতে চেয়েছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ছবি সংগৃহীত
‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’—জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এমন একটি মন্তব্য সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে বেশ আলোচিত হচ্ছে।

বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় যে, জামায়াত আমির শেখ হাসিনার প্রশংসা করেছেন। তবে ফ্যাক্ট-চেকিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, এটি সরাসরি প্রশংসা নয়, বরং রাজনৈতিক কৌশলের সমালোচনা বা একটি রূপক মন্তব্য।

মূলত বিএনপির সমালোচনা করতে গিয়ে জামায়াত আমির এই মন্তব্যটি করেছিলেন, যেখানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সরকারি দলের কিছু কর্মকাণ্ড পরোক্ষভাবে শেখ হাসিনার নীতিকেই সমর্থন করছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে ‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’ শীর্ষক বক্তব্যে শেখ হাসিনার প্রশংসা করেননি জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

প্রকৃতপক্ষে, বিএনপির নেওয়া পদক্ষেপকে ‘ফ্যাসিবাদ’মূলক দাবি করে বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেছেন, ‘তারা (বিএনপি) আগেরটায় ফিরে গিয়ে প্রমাণ করলেন, হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো।’

শফিকুর রহমানের মূল বক্তব্যের ভিডিও কেটে বিকৃতভাবে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

গত ৯ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

পরে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, আজকের অধিবেশনে এমন কিছু জনবিরোধী বিল উত্থাপন করা হয়েছে যা সুষ্পষ্টভাবে জনগণের অধিকার হরণ করে। আমরা এর প্রতিবাদ জানাতে চাইলে সংসদে আমাদের কথা বলার সুযোগ সীমিত করা হয়। বিরোধী দলীয় সদস্যদের জন্য মাত্র ২ থেকে ৬ মিনিট সময় বরাদ্দ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা কোনো সময়সীমা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছেন। স্পিকারের এই ধরনের ভারসাম্যহীন আচরণ সংসদীয় রীতির পরিপন্থি এবং এটি বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা।

বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে তিনি বলেন, আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন দেখতে চাই। কিন্তু সরকার এমন সব বিল পাস করছে যার মাধ্যমে বিচারক নিয়োগ ও নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের হাতের মুঠোয় চলে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় বিচার বিভাগ নিয়ে যে নিরপেক্ষ অধ্যাদেশ ছিল, বর্তমান সরকার তা বাতিল করে পুরনো ব্যবস্থায় ফিরে গেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করল—হাসিনা খারাপ হলেও হাসিনার নীতি তাদের কাছে ভালো। এটি বিচার বিভাগের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ এবং এর ফলে অতীতে যেভাবে বিচারপতি খায়রুল হক বা মানিকের মতো দলীয় বিচারপতিদের জন্ম হয়েছে, ভবিষ্যতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

মূলধারার বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ও সংবাদ বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম জানায়, তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে জামায়াত আমির ‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’ শীর্ষক বক্তব্য দ্বারা তিনি শেখ হাসিনার প্রশংসা করেননি বরং, বিএনপির নেওয়া পদক্ষেপকে ‘ফ্যাসিবাদ’মূলক পদক্ষেপ দাবি করে বিএনপির ও শেখ হাসিনার সমালোচনা করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ