হিরো আলমকে রাষ্ট্রপতি প্রস্তাব করে নতুন রাজনৈতিক দল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিরো আলমকে রাষ্ট্রপতি প্রস্তাব করে নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাষ্ট্রপতি প্রস্তাব রেখে নতুন বাংলা নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন ‘নতুন বাংলা’ দলের চেয়ারম্যান মো. আকবর হোসেন ফাইটন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে সংবাদ সম্মেলন শুরু করেন ‘নতুন বাংলা’ দলের চেয়ারম্যান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন মো. আকবর হোসেন ফাইটন।

এ সময় তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সরকারি দল মনে করছে ক্ষমতা ছেড়ে দিলে তাদের মহাবিপদের সম্মুখীন হতে হবে। আর বিরোধী জোট মনে করছে তারা ক্ষমতায় না যেতে পারলে অস্তিত্বহীন হয়ে যাবেন। তারা ক্ষমতায় থাকার জন্য আর অন্যরা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের প্রতিহিংসার কারণে বিভিন্ন দেশ বিভিন্নভাবে সুবিধা নিচ্ছে। দুর্নীতিবাজরা সরকারের দুর্বলতার কারণে সম্পদের পাহাড় গড়ছে। বর্তমান সরকার বারবার সংবিধান লঙ্ঘণ করছে। বিরোধী জোট নেতৃত্ব সংকটে ভুগছে। দীর্ঘ সময় দু দলের অনুরূপ শাসনে জনগণ আজ অতীষ্ঠ। প্রশাসনে তেলবাজদের দৈরাত্ম্যে মেধাবী ও দক্ষ কর্মকর্তারা তাদের মতপ্রকাশে ব্যর্থ হয়েছে। আমরা চাই পরিবর্তন। যা সমগ্র জাতির সন্মান বৃদ্ধির লক্ষ্যে, সকলের সমমূল্যায়ণের উদ্দেশে দেশকে নতুনরূপে সাজাতে আমরা বদ্ধপরিকর। আত্মবিশ্বাস এবং সাহস আমাদের একমাত্র পাথেয়। কর্মক্ষম জনগোষ্ঠী, উর্বর ভূমি, বিশাল জলরাশি এই অফুরান সম্ভাবনাকে কাজে লাগিয়ে, কৃষিকে বাণিজ্যিক চাষাবাদের আওতায় এনে, প্রত্যেক পরিবারে কুটির শিল্প স্থাপনের মধ্য দিয়ে, বিশ্ব শ্রম বাজারে শতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে, দারিদ্র্যমুক্ত করার দৃঢ় প্রত্যয়ে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, তিক্ত অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এগিয়ে যাবে নতুন বাংলা।

নতুন বাংলার চেয়ারম্যান আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে বিশ্বের খাদ্যভাণ্ডার। কৃষি বিপ্লবের জন্য ১ কোটি ২০ লাখ বেসামরিক সেনা নিয়োগ দেওয়া হবে। গাড়ি চলবে জোড় বিজোড় মিশ্র পদ্ধতিতে। যানজটমুক্ত হবে এই দেশ। অফিস চলবে দুই শিফটে। ২০ থেকে ২২ বছরে বিয়ে করলে পাবেন সরকারি ভাতা। প্রবাসীদের জামানতবিহীন বিনা সুদে লোন দেওয়া হবে। বিদেশ যাবে সরকারি ব্যবস্থাপনায়। পাস হবে সিনিয়র সিটিজেন আইন। মাদক আইন বাতিল করে ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তের পুনর্বাসন করা হবে। মাদক নির্মূল করা হবে বাংলাদেশে। সকল কারাবন্দিদের সাধারণ ক্ষমায় মুক্ত করা হবে। পঞ্চমুখী তদন্তের মাধ্যমে তিন মাসের মধ্যে সকল মামলা নিষ্পত্তি করা হবে। জিডিটাল নিরাপত্তা আইন বাতিল করে দুর্নীতির তথ্য প্রদানকারীকে পুরষ্কৃত করার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দুর্নীতিমুক্ত করা হবে বাংলাদেশ।

ওই সংবাদ সম্মেলনের ব্যানারে স্লোগান হিসেবে লেখা রয়েছে, ‘আর ফেলো না চোখের জল, জিতবে এবার হিরোর দল।’ ‘কারো সাথে ঐক্যে যাবে না ‘নতুন বাংলা’, তিনশ আসনেই প্রার্থী দিব ইনশাআল্লাহ।’

ওই ব্যানারে আরও লেখা হয়, আগামী সংসদে রাষ্ট্রপতি হবেন মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম), প্রধানমন্ত্রী হবেন মো. আকবর হোসেন ফাইটন, চেয়ারম্যান, নতুন বাংলা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ