হিরো আলমের ওপর হামলাই কি আ’লীগের সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি? - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিরো আলমের ওপর হামলাই কি আ’লীগের সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৩, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৩, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, সেটাই কি ক্ষমতাসীন আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি- এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা ছারওয়ার কামাল আজিজী।

তিনি বলেন, সুষ্ঠু, নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চাই। ক্ষমতাসীন সরকারের অধীন যে নির্বাচন হয়, সেটা পক্ষপাতমূলক হয়। কিছুদিন আগের নির্বাচনে হিরো আলমকে আক্রমণ করা হয়েছে। এটা কি সুষ্ঠু নির্বাচনের চিত্র? ইসলামি খেলাফত ছাড়া এদেশে সুষ্ঠু শাসন কায়েম হবে না।

রোববার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ‘বহুমুখী সংকটে বাংলাদেশ, উত্তরণ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয় না দাবি করে ছারওয়ার কামাল আজিজী বলেন, মাওলানা মামুনসহ (মামুনুল হক) হাজার হাজার ওলামাকে জেলে প্রেরণ করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। দেশ বর্তমানে যে সংকটে আছে, সেটা হুট করেই চলে যাবে না। সংকট ধীরে ধীরে নিরসন করতে হবে। এখন যে শাসনব্যবস্থা, দুর্নীতি চলছে, তা অরাজকতার নিদর্শন। দুঃশাসন কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আলেম-ওলামা সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে এর সমাধান হবেই।

সভায় অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আবারও পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু এবার আর রেহাই হবে না। বিএনপির নেতৃত্বে ৩৬টি সমমনা রাজনৈতিক দল এখন মাঠে। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। বর্তমান জাতীয় সংসদের কার্যক্রম বিলুপ্ত করতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার দাবি মেনে নিতেই হবে। অন্যথায় এ সরকারকে আন্দোলনের মাধ্যমে গদি থেকে নামিয়ে দেওয়া হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বাসেত আজাদ, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, আব্দুর রহমান চৌধুরী, আব্দুল খালেক নিজাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ