হিরো আলমের প্রশ্ন সব তো আ’লীগের, আমজনতার ‘আসন’ কোথায়? - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিরো আলমের প্রশ্ন সব তো আ’লীগের, আমজনতার ‘আসন’ কোথায়?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আশরাফুল আলম সাঈদ ওরুফে হিরো আলম জানতে চেয়ে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যেখানে সাড়ে সাত কোটি জনগণ, সেখানে সাড়ে সাত কোটি কম্বল। আমার কম্বল গেল কই। সেই হিসাবে এখন আমরা বলতে চাই প্রধান নির্বাচন কমিশনার ও প্রধানমন্ত্রীকে, ৩০০ আসনের মধ্যে আপনারা আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিলেন, স্বতন্ত্র প্রার্থীও নিলেন। কিন্তু আমরা যারা আমজনতা আছি, তাদের আসন কোথায়?

রবিবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রশ্ন রাখেন তিনি। একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের আহ্বানে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

হিরো আলম বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী থাকার পরেও নির্বাচনের তাদের দলের স্বতন্ত্র প্রার্থীর কোন দরকার ছিল না। আমি একটা উদাহরণ টেনে বলি, ব্যারিস্টার সুমনের যে আসন, সেখানে ব্যারিস্টার সুমন কিন্তু পার হবেন। সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হেরে যাবে। কারণ নির্বাচনে দেখাবে, সেখানে ফেয়ার নির্বাচন হয়েছে। ফলাফল কিন্তু আমি আগেই বলে দিলাম। ব্যারিস্টার সুমন প্রথমে দলীয় প্রতীকে প্রার্থিতা চেয়েছিল, কিন্তু তাকে দেওয়া হয় নাই। এরাও কিন্তু আওয়ামী লীগেরই কর্মী ও তাদের দলের লোক।

নিজের প্রার্থীতা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, আপনারা সবাই বলেন আমি ভোটের দিন প্রার্থিতা উইথড্র করব। কেন উইথড্র করতে চেয়েছি, এই যে পাতানো নির্বাচন সারা বাংলাদেশের কেউ নির্বাচনে আসতেছে না। তারা কেন আসতেছে না, তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এই পাতানো নির্বাচনে তারা (আওয়ামী লীগ) প্রতিটা আসন ভাগ করে নিয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণ করে লাভ হওয়ার কোন প্রশ্নই আসে না। আমি আজকে বলেছিলাম, এই নির্বাচনে আমি প্রার্থিতা উইথড্র করব। তার কারণ হচ্ছে নির্বাচন করে আমি অনেক মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি। শুরুতে ভেবেছিলাম এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন। আমি দুইদিন আগে নিজেই বলেছিলাম, আপনারা নির্বাচনে আসেন।

তিনি আরো বলেন, আমি প্রার্থিতা উইথড্র করবো না। আপনারা নিশ্চয়ই বলবেন কেন করব না? আপনারাই হিরো আলমকে হিরো বানিয়েছেন এবং আপনারাই আবার হিরো আলমকে জিরো বানিয়েছেন। আপনারাই বলেছেন হিরো আলম টাকা খেয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে, মার খাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে। কিন্তু না। আমি এর আগেও নির্বাচন করেছি। হিরো আলম অন্যায়ের প্রতিবাদের প্রতীক হিসেবে নির্বাচন করেছিল। এই নির্বাচন পুরোটাই সরকারের সাজানো নির্বাচন। এই নির্বাচনে মারামারি হওয়ার কোন সম্ভাবনা নাই। এই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, সেটা দেখানোর মত যারা স্বতন্ত্র প্রার্থী আছে, তারা কেউ নেই। এই নির্বাচন থেকে আমি যে কোন সময় উইথড্র করতে পারি। নির্বাচনে টিকে থাকাটাই বড় কথা। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন এই নির্বাচনে কিভাবে জোর করে সিল মারে। নির্বাচন কতটা সুষ্ঠু হয় সেটা দেখানোর জন্যও একজন লোক থাকা প্রয়োজন। আমি হচ্ছি সেই। কিন্তু আমি যেকোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ