হিরো আলম জাপার কেউ নন, তাই তাঁর কাছে ফরম বিক্রি করা হয়নি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিরো আলম জাপার কেউ নন, তাই তাঁর কাছে ফরম বিক্রি করা হয়নি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ

 

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হতে চেয়েছিলেন হিরো আলম নামে পরিচিত আশরাফুল হোসেন আলম। কিন্তু তাঁর কাছে দলীয় মনোনয়ন ফরমই বিক্রি করেনি জাপা। এতে ক্ষুব্ধ হিরো আলম জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন।

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য সংসদের পাঁচটি আসনের উপনির্বাচন হবে ১ ফেব্রুয়ারি। তফসলি অনুযায়ী ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর আগে রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে। উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া জাপা বৃহস্পতিবার বনানী কার্যালয় থেকে দলীয় ফরম বিক্রি শুরু করে।

ফরম কিনতে বৃহস্পতিবার দুপুরে কয়েকজনকে সঙ্গে নিয়ে বনানীতে যান হিরো আলম। কিন্তু জাপার দপ্তর থেকে জানানো হয়, তাঁর কাছে ফরম বিক্রি করা হবে না। জাপার দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খান বলেছেন, দলীয় মনোনয়ন ফরম শুধুমাত্র দলের নেতাকর্মীদের কাছে বিক্রি করা হবে। তারপর যাচাইবাছাই করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে। হিরো আলম জাপার কেউ নন। তাই তাঁর কাছে ফরম বিক্রি করা হয়নি।

তবে হিরো আলমের দাবি, তিনি ২০১৮ সালে জাপায় যোগ দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে জাপার মনোনয়ন ফরমও কিনেছিলেন। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোটে। এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন।

এ বিষয়ে আবদুর রাজ্জাক বলেছেন, হিরো আলম কবে দলে যোগ দিয়েছিলেন, তিনি জাপার কর্মী কিনা, এমন তথ্য নেই। আর যোগ দিয়ে থাকলেও গত চার বছরে দলের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। তাই তাঁকে ফরম দেওয়া হয়নি।

বগুড়ার নন্দীগ্রামের গ্রামীণ এলাকায় ক্যাবল সংযোগের ব্যবসায়ী থেকে অভিনেতা বনে যাওয়া হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত ব্যক্তি। তাঁর অভিনীত নাটক ও চলচ্চিত্রের মান নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে তা ফেসবুক ও ইউটিউবে আপলোড করে তিনি পুলিশের কাছ থেকেও ডাক পেয়ে গান বিকৃত না করার মুচলেকা দেন। সম্প্রতি তিনি কাব্যচর্চাও করছেন। সেগুলোর মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে হিরো আলম বরাবরই বলে আসছেন, দেখতে তথাকথিত সুদর্শন নন বলেই তাকে হেয় করতে এসব সমালোচনা করা হয়। অভিনয়, গান ও কবিতা চর্চার অধিকার তাঁর রয়েছে আর দশজনের মতো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ